মানিকগঞ্জ প্রতিনিধি, ১৭মে।
মানিকগঞ্জের স্থানীয় দৈনিক আমার নিউজ অফিসে গত ৭ মে মব সৃষ্টি করে হামলা, নির্যাতন, লুটপাট ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে শহরের কালিবাড়ি এলাকায় মানিকগঞ্জ সম্পাদক পরিষদের কার্যালয়ে এ প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন মানিকগঞ্জ সম্পাদক পরিষদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেনের সঞ্চালনায় মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টারস ইউনিটির সভাপতি বি এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, সম্পাদক পরিষদের সহ-সভাপতি মাহবুব আলম জুয়েল, যুগ্ম সম্পাদক অ্যাড. খন্দকার সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আকমল হোসেন ও কার্যকরী সদস্য আব্দুল আলীমসহ অন্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, আমার নিউজ অফিসে সংঘটিত হামলা, নির্যাতন, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা।
Leave a Reply