1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাণিজ্যিক গাইড বইয়ে পাঠদান, সৃজনশীলতা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা জেলা জজের সাথে “দায়রা” কেন লেখা থাকে? পৌরসভার ছাগল হাটায় ত্রিশ পিস ইয়াবাসহ আজিজ আটক প্রেসিডেন্ট কাপ টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন লিটন-পিন্টু জুটি মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শিবালয় জয়ী খাদ্যে ভেজাল প্রতিরোধে যুগোপযোগী কঠোর আইন করা হবে-খাদ্যমন্ত্রী রিতা। সিংগাইরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাইফুল গ্রেফতার মানিকগঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার মানবেন্দ্র বালো মানিকগঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন আমেরিকায় অভিজ্ঞতায় কৃষ্ণপুরবাসীর সেবা করতে চান লাভলু মিয়া

বাণিজ্যিক গাইড বইয়ে পাঠদান, সৃজনশীলতা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ।

শ্রেণিকক্ষে শিক্ষকের নিজস্ব পাঠ পরিকল্পনা নেই। নেই ভাষা শেখানোর কার্যকর উদ্যোগ। ব্ল্যাকবোর্ড জুড়ে কেবল বাণিজ্যিক গাইডবই ও নোটবই থেকে তুলে দেওয়া তৈরি উত্তর। শিক্ষার্থীরাও সেসব উত্তর বুঝে শেখার পরিবর্তে মুখস্থ করেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ফলে পাঠ্যক্রমে বারবার সংস্কার ও আধুনিক শিক্ষা পদ্ধতির কথা বলা হলেও বাস্তবে বাণিজ্যিক গাইডবই ও নোট বইয়ের পাতাতেই বন্দি হয়ে আছে মানিকগঞ্জের মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষা।

শিক্ষকদের প্রশিক্ষণের ঘাটতি, অতিরিক্ত শিক্ষার্থী, প্রয়োজনীয় শিক্ষা উপকরণের সংকট এবং বিষয় ভিত্তিক শিক্ষকের অভাব এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মানিকগঞ্জ সদর উপজেলার সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পরিচালিত এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।

এ ফেনোমেনোলজিক্যাল এক্সপ্লোরেশন অব দ্য চ্যালেঞ্জেস ফেইস্ট ইন টিচিং ইংলিশ অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন মানিকগঞ্জ’ শীর্ষক গবেষণাটি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘ডিসকভার গ্লোবাল সোসাইটি’তে প্রকাশিত হয়েছে। স্প্রিঙ্গার নেচার প্রকাশিত সাময়িকীটির এ গবেষণায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মাসুদুর রহমান, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মোরশেদ আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমরান হোসেন।

গবেষণাটি গুণগত গবেষণা পদ্ধতিতে পরিচালিত হয়েছে। এতে ব্যাখ্যামূলক অভিজ্ঞতা ভিত্তিক বিশ্লেষণ কাঠামো অনুসরণ করে ২০টি গভীর সাক্ষাৎকার এবং দুটি দলীয় আলোচনা করা হয়। প্রতিটি দলীয় আলোচনায় পাঁচ থেকে সাতজন শিক্ষক অংশ নেন। সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও বিষয় ভিত্তিক বিন্যাসে এনভিভো ১২ সফটওয়্যার ব্যবহার করেন গবেষকেরা।

গাইড বই নির্ভর পাঠদান, ব্যাহত সৃজনশীলতা
গবেষণায় দেখা গেছে, মাধ্যমিক পর্যায়ে ইংরেজি শেখানোর চেয়ে পরীক্ষায় ভালো ফল করানোর প্রবণতাই বেশি গুরুত্ব পাচ্ছে। শ্রেণিকক্ষে পূর্ব প্রস্তুতি ও নিজস্ব পাঠ পরিকল্পনার ঘাটতি পূরণে অনেক শিক্ষক বাণিজ্যিক গাইড বইয়ের ওপর নির্ভর করছেন। পাঠ বুঝিয়ে দেওয়া কিংবা শিক্ষার্থীদের দিয়ে নিজেরা বাক্য তৈরি করানোর পরিবর্তে গাইড বইয়ের তৈরি উত্তর লিখিয়ে দেওয়া হচ্ছে।

গবেষণায় অংশ নেওয়া শিক্ষকদের বক্তব্য অনুযায়ী, অনেকেই শ্রেণিকক্ষে যাওয়ার আগে পাঠ পরিকল্পনা তৈরি করেন না। ফলে ক্লাসে সরাসরি নোটবই খুলে শিক্ষার্থীদের উত্তর লিখে দেওয়ার প্রবণতা দেখা যায়। এতে শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করা, বাক্য গঠন ও ভাষা ব্যবহারের দক্ষতা বিকাশের সুযোগ সীমিত হয়ে পড়ছে। একই সঙ্গে ইংরেজি ভাষার মৌলিক ব্যাকরণ, শ্রবণ ও কথোপকথনের দক্ষতা অর্জন থেকেও বঞ্চিত হচ্ছে তারা। গাইড বইয়ের তৈরি উত্তর মুখস্থ করার প্রবণতা বাড়লেও বাস্তবে ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা তৈরি হচ্ছে না।

স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও প্রশিক্ষণপ্রাপ্ত মাত্র ২৮ শতাংশ শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতার সীমাবদ্ধতাকে গাইড বই নির্ভরতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকেরা। গবেষণায় অংশগ্রহণকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার তথ্য অনুযায়ী, ৫৯ শতাংশের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তবে তাঁদের মধ্যে বিএড বা এমএড ডিগ্রিধারী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের হার মাত্র ২৮ শতাংশ। গবেষণায় অংশ নেওয়া ২৯ জন শিক্ষকের মধ্যে ১৭ জন স্নাতকোত্তর, আটজন বিএড বা এমএড ডিগ্রিধারী এবং তিনজন স্নাতক ডিগ্রিধারী। বাকি একজনের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য পর্যায়ের।

গবেষণার দলীয় আলোচনায় অংশ নেওয়া এক শিক্ষক আক্ষেপ করে বলেন, ‘একটি মোমবাতি নিজে না জ্বললে যেমন অন্যকে আলো দিতে পারে না, তেমনি শিক্ষক নিজে প্রশিক্ষিত ও অভিজ্ঞ না হলে তিনি শিক্ষার্থীকে কীভাবে শেখাবেন?’

গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, মানসম্মত ও সময়োপযোগী প্রশিক্ষণের অভাবে অনেক শিক্ষক আধুনিক শিক্ষণপদ্ধতি কার্যকরভাবে প্রয়োগ করতে পারছেন না। ফলে গাইডবই তাঁদের কাছে পাঠদানের সহজ অবলম্বন হয়ে উঠেছে।

শ্রেণিকক্ষে ৮০ থেকে ১০০ শিক্ষার্থী, বছরে ১৮০ দিন পাঠদান ব্যাহত শ্রেণিকক্ষের পরিবেশ ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতাও শিক্ষকদের গাইড বই মুখী হওয়ার পেছনে ভূমিকা রাখছে। গবেষণার তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ সদরের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে একটি শ্রেণিকক্ষে ৮০ থেকে ১০০ জন পর্যন্ত শিক্ষার্থীকে বসিয়ে পাঠদান করা হয়। এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর মধ্যে প্রত্যেকের ভাষাগত দক্ষতা যাচাই, ভুল সংশোধন এবং ব্যক্তিগতভাবে শেখার সুযোগ তৈরি করা শিক্ষকদের জন্য কঠিন। ফলে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ভাষাচর্চার পরিবর্তে তৈরি উত্তরনির্ভর পাঠদানই প্রাধান্য পাচ্ছে।

এ ছাড়া সরকারি ছুটি, পরীক্ষা ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের কারণে বছরে প্রায় ১৮০ দিন পাঠদান কার্যক্রম ব্যাহত থাকে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এতে শ্রেণিকক্ষে কার্যকর পাঠদানের সময় কমে যায়। নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করার চাপও শিক্ষকদের গাইডবইয়ের তৈরি উত্তরের ওপর নির্ভরশীল করে তুলছে।

শিক্ষা উপকরণ ও বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট
ইংরেজি ভাষা শেখানোর জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণেরও ঘাটতি রয়েছে বিদ্যালয়গুলোতে। বহুমাধ্যমে পাঠদানের যন্ত্র, শ্রবণ ও দৃশ্যভিত্তিক শিক্ষা উপকরণ এবং ভাষা শেখার বিশেষ কক্ষের অভাবে শ্রেণিকক্ষে ব্যবহারিক ভাষাচর্চার সুযোগ সীমিত থাকছে। অন্যদিকে, বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে কোনো কোনো বিদ্যালয়ে গণিত বা বিজ্ঞানের শিক্ষকদেরও ইংরেজি ক্লাস নিতে হচ্ছে। ইংরেজি বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ না থাকায় তাঁদের পক্ষে কার্যকরভাবে ভাষা শেখানো আরও কঠিন হয়ে পড়ছে।

প্রয়োজন পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির সংস্কার
এ পরিস্থিতি থেকে উত্তরণে গবেষণায় কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শ্রেণিকক্ষে বাণিজ্যিক গাইডবইয়ের ব্যবহার নিয়ন্ত্রণ, মুখস্থনির্ভর মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন এবং শিক্ষকদের জন্য ধারাবাহিক পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিশ্চিত করা। পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীর যৌক্তিক অনুপাত বজায় রাখা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ এবং ইংরেজি ক্লাসে সরাসরি ইংরেজি ব্যবহারের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গবেষক ও মানিকগঞ্জ এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মাসুদুর রহমান বলেন , শুধু পাঠ্যক্রম পরিবর্তন কিংবা পরীক্ষা পদ্ধতিতে সংস্কার করলেই ইংরেজি শিক্ষার কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়। শ্রেণিকক্ষে শিক্ষকের পাঠদানের পদ্ধতি, প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরণ এবং শিক্ষার্থীদের ব্যবহারিক ভাষাচর্চার সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় বাণিজ্যিক গাইড বই নির্ভরতা কাটিয়ে শিক্ষার্থীদের প্রকৃত ভাষাগত দক্ষতা অর্জন কঠিন হবে।

মানিকগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, জনবল সংকটের কারণে বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন, শিক্ষকদের পাঠদান কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তারপরও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ ও কার্যকর পাঠদান পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ইংরেজি শিক্ষায় গাইড বইয়ের ওপর নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের বোঝার, লেখা ও বলার দক্ষতা বাড়াতে হবে। এ জন্য শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) মো: খায়রুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বাণিজ্যিক গাইড বইয়ের ব্যবহার বা এ নিয়ে কোনো অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের পাঠ্যবইনির্ভর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশাসন গুরুত্ব দিচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :