জাহিদুল হক চন্দন, ২৬ নভেম্বর।
মাথায় ফুলের খোপা, হাতে রঙিন চুড়ি, পরনে শাড়ি। পাঁচ বছরের ইসরাত জাহানের চোখে মুখে আনন্দের ঝিলিক। সকাল থেকেই উৎসবের আমেজে মেতে আছে সে। কখনো সহপাঠীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কখনো উপভোগ করছে নবান্নের নানা আয়োজন। নতুন ধানের ঘ্রাণ, বাঙালির ঐতিহ্যবাহী সাজ আর পিঠাপুলির স্বাদ সব মিলিয়ে তার কাছে দিনটি যেন এক অন্য রকম আনন্দের।
তার মতো অনেক শিশুর পদচারণে মুখর হয়ে উঠেছে মানিকগঞ্জের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল বিদ্যানিকেতন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন করা হয় নবান্ন উৎসবের। শিশুদের হাসি-আনন্দ, গ্রামীণ ঐতিহ্যের সাজসজ্জা, পিঠাপুলির আপ্যায়ন এবং সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।
বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী রোসা ইসলামকে দেখা গেল বেলুন নিয়ে খেলতে। উৎসবের নানা আয়োজন ঘুরে দেখছে সে। ইসরাত, রোসা ও তাদের মতো ছোট ছোট শিক্ষার্থীরা কখনো খেলায় মেতেছে, কখনো পিঠাপুলির স্বাদ নিচ্ছে। আনন্দের পাশাপাশি তারা পরিচিত হচ্ছে বাঙালির চিরায়ত নবান্ন উৎসবের সঙ্গে।
উৎসব উপলক্ষে বিদ্যালয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তিসহ নানা পরিবেশনা উপস্থাপন করে। ছোট ছোট শিক্ষার্থীদের এসব পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করে। আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায় শিশুরা। তাদের পরিবেশনায় উৎসবের আয়োজন পায় বাড়তি মাত্রা।
উৎসব আয়োজনে বাবার সঙ্গে এসেছে তিন বছরের মেহজাবিন। চারপাশের আয়োজন ঘুরে দেখছে, উপভোগ করছে উৎসবের পরিবেশ। মেহজাবিনের বাবা মোঃ হাসানুজ্জামান বিপ্লব বলেন,বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে সুনাম অর্জন করেছে। এখানে আধুনিক সুযোগ-সুবিধাও রয়েছে। নবান্ন উৎসব দেখতে মেয়েকে নিয়ে এসেছি। আয়োজনটি তার খুব ভালো লেগেছে। আগামীতে মেয়েকে এই বিদ্যালয়ে ভর্তি করানোর ইচ্ছা রয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাবুল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুজন, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিহির।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামরুন নাহার বলেন, শিশুরা শুধু বই পড়ে নয়, আনন্দের মধ্য দিয়েও অনেক কিছু শিখতে পারে। নবান্ন উৎসবের মাধ্যমে তাদের গ্রামীণ জীবন, নতুন ধান ঘরে তোলার আনন্দ এবং বাঙালির ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য, পড়াশোনার পাশাপাশি শিশুদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা ধরে রাখা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাবুল উদ্দিন খান বলেন, নবান্ন মূলত নতুন ধান ঘরে তোলার আনন্দের উৎসব। গ্রাম বাংলার কৃষি, প্রকৃতি ও লোকজ সংস্কৃতির সঙ্গে মিশে আছে এই উৎসব। সময়ের পরিবর্তনে আধুনিক জীবনের প্রভাবে নতুন প্রজন্মের অনেক শিশুর কাছে গ্রামীণ ঐতিহ্যের এসব আয়োজন ক্রমেই অপরিচিত হয়ে উঠছে। সেই পরিচয় ফিরিয়ে দিতেই বিদ্যালয়টির এমন আয়োজন। পাঠ্য বইয়ের বাইরে আনন্দের মধ্য দিয়ে শিশুদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার চেষ্টা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, নবান্ন আমাদের শেকড়ের উৎসব। নতুন প্রজন্মকে বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পেলে শিশুদের মানসিক বিকাশও সমৃদ্ধ হয়।
Leave a Reply