1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ড্রেনেজ ব্যবস্থা বিকল, ঘিওরে জনজীবনে ভোগান্তি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়েছেন

মোঃসাইফুল ইসলাম, ১৬ নভেম্বর।

মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরে অবস্থিত থানার সামনের সড়কসহ আশপাশের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা জমে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। খোদ থানা ভবনের সামনে এমন পরিস্থিতির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে সাধারণ পথচারীরা নাক চেপে কিংবা বিকল্প পথ ব্যবহার করে চলাচল করছেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, থানা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ড্রেনটি নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো পরিষ্কার করা হয়নি। ফলে ড্রেনে বালু ও ময়লা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ড্রেনের পানি নদীর দিকে না গিয়ে উপচে বাজারের রাস্তার ওপর দিয়ে বিভিন্ন দিকে গড়িয়ে পড়ছে এবং চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। পচা পানির গন্ধে পথচারীরা ড্রেনের পাশের রাস্তা দিয়ে চলাচল প্রায় বন্ধ করে দিয়েছেন। এদিকে দুর্গন্ধের মধ্যেই বাধ্য হয়ে স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ড্রেনের পানি জমে সদর মসজিদে যাওয়ার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি নিচু হওয়ায় দুর্গন্ধযুক্ত ময়লা পানি মাড়িয়েই মুসল্লিদের প্রতিদিন জামাতে অংশ নিতে মসজিদে যাতায়াত করতে হচ্ছে।

এবিষয়ে স্থানীয় ঔষধ ব্যবসায়ী মোঃ কাজল মিয়া বলেন, উপজেলা সদর হাটটি নিয়মিত ইজারা দেওয়া হলেও বাজার উন্নয়নের কোনো দৃশ্যমান কাজ হয়নি। সময়মতো ড্রেন পরিষ্কার না করায় আজ ময়লা-আবর্জনা জমে এই অসহনীয় দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

সাইকেল মেরামতকারী মোঃ মিজান মিয়া জানান, আশপাশের বাসাবাড়ির ময়লার পানি এসে রাস্তায় জমে থাকছে। এই নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

এবিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় অনেকেই আমার কাছে অভিযোগ নিয়ে এসেছেন এবং আমি এর সত্যতা পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এ বিষয়ে অতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :