মানিকগঞ্জ প্রতিনিধি, ২৬ অক্টোবর।
মানিকগঞ্জের সাটুরিয়ায় রাতের আঁধারে চুরি করে গাজীখালী ও কৃষকের তিন ফসলি কৃষি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে মাটি কেটে নিচ্ছে মো. বিল্পব নামে এক ব্যক্তি। এই ব্যক্তির বিরুদ্ধে বিচার চেয়ে কোন সুফল না পাওয়ায় কৃষকরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে। এঘটনায় রোববার মানিকগঞ্জ জেলা প্রশাসক সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আজকের মধ্যেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিকেল অভিযান পরিচালনা করে ওই ড্রেজার জব্দ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার হরগজ ইউনিয়নের মাটি খেকু মো. বিল্পব হোসেন হরগজ প‚র্বনগর এলাকার উত্তরপাড়ের গাজীখালি খালে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করে আসছে। এতে ওই এলাকায় কৃষকের তিন ফসলি কৃষি জমি ও বসত বাড়ির ভিটা রাতের আঁধারে অবৈধ ড্রেজার বসিয়ে ওই এলাকার মানুষের ডোবা নালা ভরাট করছেন। কৃষকরা এর প্রতিবাদ করতে গেলে তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। কৃষকের ফসলি জমি ও বসতবাড়ি কেটে নেওয়ার অভিযোগটি গত ১২ অক্টোবর সাটুরিয়ার ইউএনও মো. ইকবাল হোসেন তার দপ্তরে কৃষকের কাছ থেকে গণ শুনানি নেন। কিন্তু গণশুনানি নেওয়ার পর কোন ব্যবস্থা না নেওয়ায় মাটি খেকু বিপ্লব গংরা আরো বেপোরোয়া হয়ে রাতের আঁধারে কৃষকের জমির মাটি ও গাজীখালীর মাটি কেটে নিচ্ছে।
এদিকে হরগজ প‚র্বনগর গ্রামের কৃষক মো. মহর আলী রোববার জেলা প্রশাসকের কাছে বিল্পব হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। জেলা প্রশাসক তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কৃষক মহর আলী জানান, মাটি খেকু বিল্পব হোসেন একটি লাঠিয়াল বাহিনী গঠন করে অবৈধভাবে মাটি কাটছে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে সে এ অবৈধ মাটির ব্যবসা করছে। তাকে মাটি কাটতে নিষেধ করলে সে ওই লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের হুমকি ধামকি, এমনকি প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। তার ভয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এবিষয়ে বিল্পব হোসেন বলেন, যেখানে ড্রেজার বসানো হয়েছে ওই খানে তাদের বিঘা জমি আছে। ওই জমিতে তিনি ড্রেজার বসিয়ে আশে পাশে ডুবা ভরাট করেছে। ড্রেজার চালানোর অনুমতি প্রসঙ্গে তিনি বলেন সাটুরিয়া ছাত্রদলের সাবেক আহবায়ক সাদ্দাম হোসেনের মাধ্যমে সাটুরিয়া ডিসি পার্ক ২শ গাড়ী মাটি দেওয়া হয়েছে। মৌখিক বা লিখিত কোনো অনুমোদন নেই। এছাড়া মহর আলীর জমিতে কোনে ড্রেজার বাসানো হয়নি ও তার জমির কোনো ক্ষতি হয়নি।
এবিষয়ে সাটুরিয়ার ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার বন্ধের অভিযান পরিচালনা করা হয়। হরগজপূর্ব পাড়া ড্রেজার দিয়ে মাটি কাটার একটি অভিযোগ জেলা প্রশাসকের কাছে দেওয়ার পর রোববার বিকেল ওই এলাকায় সহকারী ভূমিকর্মকর্তা মৌমিতা গুহ ইভাকে পাঠানো হয়েছিলো। কিন্তু ড্রেজারে কোনো লোকজন না থাকায় ওই ড্রেজার জব্দ করে হরগজ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল হোসেনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওই এলাকায় আর যাতে ড্রেজার চলতে না পারে তার ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply