ডেস্ক রিপোর্ট
সারা দেশের ন্যায় মানিকগঞ্জের শিবালয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ এপ্রিল) সকালে শিবালয় ডাক্তারখানা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাহিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা হাতেম আলী, প্রভাষক আবুল কালাম আজাদ, শিক্ষক রফিকুল ইসলাম, মাওলানা জামিল হোসেন, শিক্ষক সৈকত মাহমুদ, হাফেজ মো. ফজলুর রহমান, ছাত্রদল নেতা নীরব রাজ্জাকসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে নিরীহ মানুষদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই হত্যাযজ্ঞ থেকে নারী-শিশু কেউই রেহাই পাচ্ছে না। তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং সরকারকে এসব পণ্যের আমদানি বন্ধের দাবি জানান। পাশাপাশি দোকানদারদের ইসরায়েলি পণ্য বিক্রি না করার অনুরোধ জানানো হয়।
সবশেষে শিবালয় থানা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ দোয়া পরিচালনা করেন।
Leave a Reply