স্টাফ রিপোর্টার, ২৬ সেপ্টেম্বর।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৪১ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গতকাল বুধবার রাতে মানিকগঞ্জ পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাভোকেট মো.মুরাদ হোসেন বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় ৯১জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১৫০জনের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেন।
এজহারপত্র সূত্রে জানা যায়,বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিকল্পনা এবং প্রত্যক্ষ মদদে মামলার আসামীরা পেট্রোল ঢেলে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়সহ একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন এবং আগ্নেয়াস্ত্রসহ নানা অস্ত্র প্রদর্শণের মাধ্যমে তান্ডব চালায়। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মামলার উল্লেখ্যযোগ্য আসামীরা হলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা ও আমিরুল ইসলাম মট্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, সদস্য-সচিব মাহাবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ তোতা, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক হাসেম আলী, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, কাজী রাজু আহমেদ বুলবুল,সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান খালিদ, এনামুল হক রুবেল ও আল মামুন, ছাত্রলীগ নেতা মীম, কম্পন ও যুবলীগের জুয়েল ভূইয়াসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ জানান,জেলা বিএনপি কার্যালয়ে ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্রসহ নানা অস্ত্র প্রদর্শণের মাধ্যমে তান্ডবের ঘটনায় সদর একটি মামলা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply